
(৩ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন
মৌলভীবাজার: তরুণ প্রজন্ম ও নবীন ভোটারদেরকে জীবনের প্রথম ভোট নৌকায় দেয়ার আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ (০৮ নভেম্বর, ২০২২ খ্রি.) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন মৌলভীবাজার আয়োজিত দুই দিনব্যাপী (৮-৯ নভেম্বর) 'মৌলভীবাজার জেলা সাহিত্যমেলা ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে রয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মকে নৌকায় ভোট দেয়া জরুরি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে 'জেলা সাহিত্য মেলা মৌলভীবাজার ২০২২' এর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি। আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।