banglahour

বিজয় দিবসের খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করলেন এমপি নিক্সনের সমর্থকরা

সারাদেশ | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১:৫০ অপরাহ্ন

ফরিদপুর জেলার ভাঙ্গায় মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক আলোচনা সভায় আপ্যায়নের জন্য রান্না করা কয়েক ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থকেরা।  
আওয়ামী লীগ নেতা ও ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর সমর্থক ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে করা আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সিসহ তার সহযোগীরা এ কাণ্ড ঘটান বলে অভিযোগ।
এছাড়া নৌকার পক্ষে প্রচার বন্ধ করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।  
ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সি দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সমর্থক।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
অভিযোগ সূত্রে জানা যায়, বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের আপ্যায়নের জন্য কয়েক ড্যাগ খিচুড়ি রান্না করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোচনা সভার এক পর্যায়ে ১০ থেকে ১৫টি মোটরসাইকেল যোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি, বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ অজ্ঞাত আরও ২০ জন লোক হঠাৎ আলোচনা সভায় উপস্থিত হন। অতিরিক্ত হর্ন বাজিয়ে শক্তির মহড়া এবং ক্ষমতা প্রদর্শনসহ ত্রাস সৃষ্টির জন্য ভয়-ভীতি দেখানো হয় তাদের। পরে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজয় দিবস উদ্‌যাপনের উদ্দেশ্য রান্না করা কয়েক ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন চেয়ারম্যানের লোকজন। পরে আলোচনা সভা দ্রুত বন্ধ করে সবাইকে উঠান ত্যাগ করতে বলা হয়। না হলে সবাইকে খুন-জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ ভয়ে ছুটাছুটি করে সভাস্থল থেকে অন্যত্র পালিয়ে যায়।  
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪  (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের নৌকা প্রার্থী কাজী জাফর উল্লাহ’র সমর্থক ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার এটা নতুন কিছু নয়। ইতঃপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন এই ইউনিয়নের নৌকার কর্মীরা।  
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি ন্যায় বিচারসহ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থক অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি সাংবাদিকদের জানান, এ ধরনের কোনো ঘটনা তার এলাকায় ঘটেনি।  তার বিরুদ্ধে নৌকার সমর্থক নেতাকর্মীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। এছাড়া তিনি এলাকায় ছিলেন না বলে দাবি করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল