banglahour

রাজনৈতিক সন্ত্রাস ও নাশকতা নিরাপদ রেল চলাচলের জন্য হুমকি- রেলপথ মন্ত্রী

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজনৈতিক সন্ত্রাস ও নাশকতা নিরাপদ রেল চলাচলের জন্য হুমকি। রাজনৈতিক কর্মসূচির নামে যোগাযোগ ব্যবস্থায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেখানে একমাত্র রেল চলাচল স্বাভাবিক ছিল। এখন রেল যোগাযোগ ব্যবস্থায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের নাশকতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন,  নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে৷ গত ২৮ অক্টোবর বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল এরপর থেকে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে৷ রেলকে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে ফেলে হুমকি তৈরি করেছে এটা গ্রহণযোগ্য নয়। 
সুজন বলেন, যাত্রী হয়ে ট্রেনে উঠে নিরাপদ রেলে ঘটনা ঘটাচ্ছে। বাসের বদলে ট্রেনকেই এখন প্রধান হাতিয়ার করা হচ্ছে এবং পরিকল্পিত দূর্ঘটনা ঘটাতে ফিশপ্লেট খুলে দিচ্ছে ।
সাম্প্রতিক সময়ে মঙ্গলবার, ১৯ ডিসেম্বর সকালে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দূর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন ছেড়ে তেজগাঁও আসলে ট্রেনে আগুণ ধরিয়ে দেওয়া হয়। তিনটি কোচ পুড়ে যায়, আর এখন পর্যন্ত ৪ জন মারা গিয়েছে। 
তিনি বলেন, রেলের নিরাপত্তা বাহিনী, পুলিশের সাথে কথা বলেছি। রেলপথের ব্যাপারে সহযোগিতা করে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছি, বৈঠক হয়েছে, সন্ত্রাসীরা এ ধরণের কর্মকান্ড করে যেন রেল চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে।  
রেলপথের বড় দূর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, রেলপথে সরাসরি আক্রমণের প্রথম ঘটনা ঘটে ১৬ নভেম্বর।   টাঙ্গাইল কমিউটার ট্রেনের ২ টি কোচে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ি'তে যমুনা এক্সপ্রেসে পরিকল্পিত নাশকতা করা হয়েছে। এ দুই ঘটনায় কোন প্রাণহানি না হলেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী। 
পরের তিন দূর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে আগুণ ধরানো হয়। ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে বিশফুট রেলওয়ে ট্রাক কেটে ফেলা হয়। এ ঘটনায় ১ জন যাত্রী মারা যায়, ৫০ জন আহত হয়।  ঘন কুয়াশার জন্যে আস্তে চলছিলো তা না হলে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল। 
রাজনৈতিক কর্মসূচী দিতেই পারে কিন্তু সহিংসতা করতে পারে না এবং সহিংসতা করে রেল চলাচল বন্ধ করা যাবে না, রেল চলাচল বন্ধ হবে না বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। 
মন্ত্রী বিভিন্ন নাশকতার নাশকতার বিষয়ে দেশের জনগণসহ সকলকে সজাগ থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য মন্ত্রী সাংবাদিকসহ সকলকে আহ্বান জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল