
(২ বছর আগে) ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৮:০৩ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার ভিটার প্রবাসী আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন নেত্রকোনার সদর থানার দিগজান গ্রামের সোনাকার ছেলে মোখলেছ (৪২) ও রোহিয়া থানার মধ্য জারগা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুম (২৫)। ট্যাংকে জমে থাকা পানি ও ভেতরে উৎপন্ন বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা।
প্রবাসী আবু সাঈদের বোন জামাই বাচ্চু মিয়া বলেন, জয়নাল আবেদিন নামে একজন ঠিকাদার বাড়িটির কাজ করেছেন। গত তিন মাস আগে বাড়ির ও সেপটিক ট্যাংকের কাজ শেষ হয়। ট্যাংকটি শুধু সাটারিং করা অবস্থায় ছিল। বুধবার দুপুরে ওই দুই শ্রমিক ট্যাংকে নেমে সাটারিং খুলতে গেলে তাদের মৃত্যু হয়।
নিহত মোখলেসের ফুফাতো বোন দেলোয়ারা বলেন, মোখলেস সকালে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। তার সঙ্গে ছিলেন সহকর্মী রুহুল। দুপুরে খাবার খেতে না আসায় মোখলেসকে একাধিকবার ফোন দেন রুহুল। কিন্তু মোখলেসের ফোনটি বন্ধ থাকায় কর্মস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভিতরে দুজনের লাশ দেখতে পেয়ে ঠিকাদার জয়নালকে খবর দেওয়া হয়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি থানা-পুলিশকে জানায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, শ্রীপুর থানা-পুলিশ আমাদের খবর দিলে ঘটনাস্থলে ২০ মিনিটের প্রচেষ্টায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিচে জমে থাকা পানি ও ভেতরে উৎপন্ন বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।