banglahour

শুধু কারখানা মালিক নয়, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:৪৩ অপরাহ্ন

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক যুগ পূর্তি। এ উপলক্ষে আজ (১০ নভেম্বর ২০২২) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। 

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পোশাক শিল্পের মালিক, উদ্যোক্তা ও শ্রমিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু কারখানা মালিক নয়, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে। এটাকে পুঁজি করে কেউ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আইজিপি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারি মনোভাব ও দক্ষতার মাধ্যমে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ফলে শিল্পবান্ধব ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হয়েছে। দেশী-বিদেশী বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও  রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধির ফলে বাংলাদেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হচ্ছে।

আইজিপি বলেন, ২০০৯-১০ অর্থ বছরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যাত্রার পূর্বে গার্মেন্টস সেক্টরে রফতানির পরিমাণ ছিল ১২.৪৯ বিলিয়ন ডলার। পক্ষান্তরে ২০২১-২২ অর্থ বছরে আরএমজি সেক্টরে রফতানি হয় ৪২.৬১৩ বিলিয়ন ডলার, যা মোট রফতানি আয়ের ৮১.৮২ ভাগ। গত এক যুগে বাংলাদেশের রফতানি আয়ের প্রবৃদ্ধিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে 'অ্যাপ্রিসিয়েশন অব অ্যাক্সিলেন্স-২০২২' অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া, যুগ পূর্তির আয়োজনকে স্মরণীয় করে রাখতে একটি কেক কাটা হয়।

উল্লেখ , দেশের শিল্পখাত বিশেষ করে পোশাকশিল্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ২০১০ সালের ৩১ অক্টোবর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যাত্রা শুরু করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল