banglahour

আ.লীগের ইশতেহার বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার, ৩:৪৫ অপরাহ্ন

দিনাজপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার আওয়ামী লীগ দিয়েছে, সেটি এখন বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে। 

প্রতিমন্ত্রী শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন । দিনাজপুরের ২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। 

এ সময় বোচাগঞ্জ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরনা। নির্বাচনকালীন সময়ে বারবার একটা কথা বলেছি আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। এটি একটি স্লোগান বা রাজনৈতিক স্লোগান নয়; দীর্ঘ নির্বাসিত জীবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে এসে বলেছিলেন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।’ 

“বঙ্গবন্ধু সোনার বাংলার গড়তে যে শপথ নিয়েছিলেন তিনি, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই দারিদ্রতাকে জয় করেছি। উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি, ’২৬ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এখানেই শেষ নয়, ’৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।” 

আওয়ামী লীগের ইশতেহার বাংলাদেশের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইশতেহার বাস্তবায়ন করতে গেলে স্মার্ট ও আধুনিক পদক্ষেপ আমাদের নিতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে, কর্মমসংস্থান তৈরি করতে হবে। আমি নির্বাচনী প্রত্যেকটি পথসভায় তরুণ যুবকদের বলেছিলাম, আগামীর বাংলাদেশ হচ্ছে তোমাদের বাংলাদেশ। 

সেজন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এসময় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং ভবিষ্যত প্রজন্মের উপযোগী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিমন্ত্রী। “এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা থেকে শিক্ষক, ছাত্রছাত্রী এসেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে, কর্মসংস্থান সৃষ্টি করতে শিক্ষার কোনো বিকল্প নেই। 

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে মানসম্মত শিক্ষা আমরা চালু করতে পারি। আমাদের এলাকার সব শিক্ষক এবং অভিভাবকের পবিত্র দায়িত্ব, আসুন আমরা শপথ নিই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে দক্ষ নাগরিক গড়ে তুলবো। 

সেই দক্ষ নাগরিকরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলবে।” এ সময় বোচাগঞ্জ উপজেলার জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে, আরো বাকি আছে। শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ। রাস্তাঘাটসহ অবকাঠামো ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা নিরাপদ সমাজব্যবস্থার জন্য নৌকায় ভোট দিয়েছেন। বোচাগঞ্জের সার্বিক নিরাপত্তার জন্য আমরা লড়াই করে যাবো। এ সময় রাষ্ট্রীয় দায়িত্ব যাতে সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন সেজন্য এলাকাবাসীর দোয়া ও আশির্বাদ চান খালিদ মাহমুদ চৌধুরী। তার ওপর আস্থা রাখায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি। এ সময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল, সহকারি কমিশনার (ভুমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফর উল্লাহ, বোচাগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতারা এবং সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে বরণ করে নেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল