
(৩ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ৫:১৭ অপরাহ্ন
ঢাকা: ভোগ দখল না করে জনগনের কল্যাণে কাজ করতে জেলা পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না হলে চিরতরে বিদায় নিতে হবে বলে হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী। রিজার্ভের টাকা জনগণের কল্যাণেই খরচ হয়েছে উল্লেখ করে অপপ্রচারে বিভ্রান্ত না হবার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১৪ নভেম্বর ২২) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নবনির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিথির ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের মোট ৬২৩ জন সদস্যও শপথ নেন।
প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিনিধিদের তাদের এলাকাকে খাদ্য উৎপাদনে স্বাবলম্বী করতে দ্রুত ব্যবস্থা নিতে বলেন, যাতে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনা যায়।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম জেলা পরিষদের নির্বাচিত এবং সংরক্ষিত আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সচিক মুহাম্মদ ইবরাহিম অনুষ্ঠান পরিচালনা করেন।