banglahour

জিয়াউর রহমান যে অত্যাচার করেছিল, তার কিছু করা হচ্ছে না- শেখ হাসিনা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৩:৫৪ অপরাহ্ন

শুক্রবার সকালে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণভবনে  শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল, সে তুলনায় এখন তাদের বিরুদ্ধে কিছুই করা হচ্ছে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনই চায়নি এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা চেয়েছে অন্য দেশ থেকে ভিক্ষা করে দেশ চালাতে।

বিএনপির ৬০ লাখ নেতাকর্মী গ্রেফতার দাবি করছে, কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণক্ষমতাই নেই বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, তারা বাস, লঞ্চ, ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই। তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা।

সরকার কৃষিতে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা টেকসই উন্নয়নে সমবায়ে জোর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়াতে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ দেন।

এ সময় ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষার দিকে খেয়াল রাখার নির্দেশনাও দেন শেখ হাসিনা। দেশে খাদ্য উৎপাদন বেড়েছে উল্লেখ করে তা ধরে রাখতে কার্যকর ভূমিকা চান কৃষক লীগ নেতাকর্মীদের কাছে। তিনি বলেন, উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বীজ উৎপাদন বিএডিসিসহ নানা গবেষণা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই কৃষি গবেষণায় জোর দেয়। বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়িয়ে বিদেশি নির্ভরতা কমিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল