banglahour

অতিরিক্ত গরমের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

রাজনীতি | প্রেসবিজ্ঞপ্তি

(২ বছর আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:৫৬ অপরাহ্ন

২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে বিএনপি জানিয়েছে, চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেছিলেন, ২৬ এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে।

এর পর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে।

এর আগে ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়।

অন্যদিকে ২৬ এপ্রিল রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মহানগর দক্ষিণের একাধিক নেতা জেলে আছেন। দলের চেয়ারপারসনসহ গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবারও পাল্টা কর্মসূচি ঘোষণা করল।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজপথ উত্তপ্ত ছিল। নির্বাচনের পর বিএনপি সেভাবে রাজপথে বড় কর্মসূচি দেয়নি। রমজান মাসে নেতা–কর্মীদের চাঙা করতে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। পবিত্র ঈদুল ফিতরের পর ২৬ এপ্রিল সমাবেশের ঘোষণা দেয় দলটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল