
(২ বছর আগে) ১ মে ২০২৪, বুধবার, ১০:৫২ অপরাহ্ন
মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ংকর সব প্রতারণার অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে দেখা হবে। বিশেষ করে মানবপাচার, শিশু পাচার ও অর্থের বিষয় খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তার স্ত্রী যাতে কোনো কাগজপত্র সরাতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বুধবার রাত ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ঢাকার মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার বাসা থেকে তাকে আটক করেছে।
উল্লেখ্য, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে।
এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন চাউর হচ্ছে। অসহায়-দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
মিল্টনের ভয়ংকর সব অপকর্মের অভিযোগের বিষয় আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন। জনস্বার্থে এ বিষয়ে কমিশন অভিযোগও গ্রহণ করেছে। ২৮ এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বলা হয়।
একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকে বলা হয়। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ৩০ মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে।