banglahour

আজিজ ও বেনজীর আহমেদ কার সৃষ্টি- ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন

সংগৃহীত ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ—তাঁরা কার সৃষ্টি, এ প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা-দুইটা নয়, এ রকম অসংখ্য ঘটনা, চতুর্দিকে তাকিয়ে দেখবেন, তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই।

আজ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সাবেক সেনাপ্রধান আজিজের (আজিজ আহমেদ) কথা বলা হচ্ছে...আজিজ কার সৃষ্টি, কাদের সৃষ্টি? আজিজের অবস্থান ছিল কোথায়, কোথায় নিয়ে আসা হয়েছে। আজকে বেনজীর আহমেদ কার সৃষ্টি? তাঁর হাজার হাজার লুটের ইতিহাস বেরোচ্ছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা-দুইটা নয়, এ রকম অসংখ্য ঘটনা, চতুর্দিকে তাকিয়ে দেখবেন, তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই। শুধু ঢাকাতে নয়, আপনারা যারা মফস্‌সলে বাস করেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত নির্বাচনে তথাকথিত এমপি যা আছে, তারা নিমজ্জিত টাকার ভারে।’

মির্জা ফখরুল বলেন, ‘এরা পচে গেছে...দুর্গন্ধযুক্ত হয়ে গেছে...একেবারেই দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যা-ই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নেই। এক এক করে সব জায়গায় প্রকাশ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি বলি, সময় হয়ে গেছে...ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন-টাফন ঠিকমতো হয়...আপনাকে মানুষ যেন মনে রাখতে পারে, সেভাবে চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এ দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। সেই নতুন চিন্তাভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এ দেশের মানুষ, পৃথিবী, ভূরাজনীতি—সবকিছুকে সামনে নিয়ে চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল