banglahour

১ জুলাই থেকে পানির দাম ‍বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ মে ২০২৪, বুধবার, ১:১৬ অপরাহ্ন

চলতি বছরের ১ জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।

 

বুধবার (২৯ মে) ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা।

সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা, যা এখন আছে ১৫ টাকা ১৮ পয়সা। এছাড়া বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে আছে ৪২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে।

এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিলসহ সব প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সর্বশেষ ২০২১ সালে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল। তখন থেকে আবাসিক গ্রাহকদের কাছ থেকে প্রতি হাজার লিটার পানির দাম নেওয়া হচ্ছে ১৫ টাকা ১৮ পয়সা। অবশ্য বাণিজ্যিক গ্রাহকদের কাছে এক হাজার লিটার পানির জন্য ৪২ টাকা নিয়ে থাকে সংস্থাটি।

২০২২ সালেও পানির দাম বাড়াতে চেয়েছিল ঢাকা ওয়াসা। কিন্তু তখন ওয়াসা কর্তৃক পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বিধি প্রণয়ন না করে ওয়াসার পানির মূল্যবৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এরপর পানির দাম বাড়ানোর বিষয়টি স্থগিত ছিল।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল