banglahour

টি-টোয়েন্টি বিশ্বকাপ না ক্রিকেটের নতুন বিশ্বযুদ্ধ?

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ জুন ২০২৪, শনিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ না ক্রিকেটের নতুন বিশ্বযুদ্ধ? দুটিই বলতে পারেন। যুদ্ধের আদি ও অকৃত্রিম কারণ তো ছিল সাম্রাজ্য বিস্তার। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সহ-আয়োজক করার পেছনে কি সেই উদ্দেশ্যই লুকিয়ে নেই! ‘যুদ্ধ’ তো তাহলে বলাই যায়। সেটির বাহন যেহেতু বিশ্বকাপ, বিশ্বযুদ্ধই বলুন না হয়।

আজ শনিবার ডালাসের সন্ধ্যায় যখন এই বিশ্বকাপের উদ্বোধনী সংগীত বেজে উঠবে, বাংলাদেশে তখন রোববারের ভোর। পুরো বিশ্বকাপজুড়েই এমন হবে। এখানে সকালে খেলা শুরু মানে বাংলাদেশে রাত। সন্ধ্যায় শুরু হলে বাংলাদেশে ভোর। এই বিশ্বকাপ যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবে, সেটিতেও ভোর আছে। বেসবল, বাস্কেটবল আর আমেরিকান ফুটবলের এই দেশে বিশ্বকাপ কি এনে দেবে ক্রিকেটে নতুন ভোর?

বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মাত্র ১৬টি যুক্তরাষ্ট্রে। আয়োজক ৯ শহরের মাত্র ৩টি এখানে—ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক। প্রায় ৬১ শতাংশ ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে। তারপরও আমেরিকায় বিশ্বকাপ-আমেরিকায় বিশ্বকাপ বলে এমন একটা রব উঠেছে, যেন বিশ্বকাপটা শুধু এখানেই হচ্ছে!

সেই বিশ্বকাপের বর্ণিল আবাহন হয়ে গেছে এতক্ষণে। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানের রকফেলার সেন্টার ভবনের গায়ে আলোর খেলায় ফুটে উঠেছে বিশ্বকাপের ২০ অধিনায়কের ছবি। ৭০ তলা এই ভবনে হলিউডের বিখ্যাত অনেক সিনেমার শুটিং হয়েছে। তা সময়ের ব্যাপ্তি আর নাটকীয়তার দিক থেকে সিনেমার সঙ্গে তো টি-টোয়েন্টির একটু হলেও মিল আছে। রাত সোয়া ৮টায় সূর্যাস্তের সময় শুরু সেই ‌‘লাইট শো’ থেমে থেমে চলেছে মধ্যরাত পর্যন্ত।

আর বিশ্বকাপ চলবে প্রায় পুরোটা মাসজুড়ে। আজ ডালাসে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে যেটির শুরু, সেটির শেষ বারবাডোজে ২৯ জুনের ফাইনালে। যে ফাইনালের দুই দল চূড়ান্ত করতেই এর আগের ৫৪ ম্যাচ। দলের সংখ্যা বলুন বা আয়োজনের ব্যাপ্তি—এত বড় বিশ্বকাপ এর আগে কখনো দেখেনি ক্রিকেট।

আর কোনো বিশ্বকাপ এমন বৃহত্তর অর্থ নিয়েও দেখা দেয়নি। এ যেন ক্রিকেটের নতুন উপনিবেশ স্থাপনের লড়াই। বরং বলা ভালো, হারিয়ে যাওয়া উপনিবেশ ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা। কথাটা এখন হয়তো অনেকের কাছে নতুন শোনাবে, অবিশ্বাস্যও মনে হবে কারও কারও কাছে, তবে সত্যি এটাই যে একসময় উত্তর আমেরিকা ছিল ক্রিকেটের উর্বর ভূমি। পুরো মহাদেশে ছড়িয়ে না গিয়ে আরও নির্দিষ্ট করে বললে যুক্তরাষ্ট্র ও কানাডা। আর কেন্দ্র বললে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। সেখানে এখন যেমন টেনিস কোর্টের ছড়াছড়ি, তখন ছড়াছড়ি ছিল ক্রিকেট ক্লাবের।

ক্রিকেটের লড়াইটা আরও কঠিন। এর আগের ব্যর্থ চেষ্টাগুলো থেকে যা অনুমান করা যায়। ১৯৯৫ সালে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে কিছু প্রদর্শনী ম্যাচ হয়েছিল। ব্রায়ান লারা, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামের মতো সে সময়ের বড় বড় নাম ছিল তাঁদের সঙ্গে। তারপরও একবার হয়েই তা শেষ। টেন্ডুলকার-ওয়ার্নের বিরোধই আসল কারণ, নাকি সেভাবে সাড়া না পাওয়া, তা নিয়ে যদিও তর্ক আছে।

এবার ভিন্ন কিছুর প্রত্যাশার একটু হলেও ভিত্তি আছে। গত বছর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের সফল অভিষেক হয়েছে। এবার এই বিশ্বকাপ। চার বছর পর লস অ্যাঞ্জেলেসে ১২৪ বছর বিরতি দিয়ে অলিম্পিকে ফিরে আসছে ক্রিকেট। ভুলে যাওয়া ক্রিকেট আমেরিকানরা আবারও চিনলেও চিনতে পারে!

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল