
(৩ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন
ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার।
ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার ও ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন কাউন্দিয়া, পটুয়াখালী সদর থানা ও ঢাকা মহানগরীর কাজলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম- সোহাগ মাঝি (২৮), মোঃ দেলোয়ার (২৬), মোঃ জয়নাল হোসেন (২৮), মোঃ সোহেল (২৭), মোঃ জনি (৩২) এবং মোঃ আজিজ (৫৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১) নগদ- ২০ লক্ষ টাকা, ২) ১ টি হাইয়েচ মাইক্রোবাস এবং ৩) ১ টি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত (১৩ নভেম্বর) দুপুর ০১.৩০ ঘটিকার সময় ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও বাজারস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে ব্যাগে করে নগদ- ৮৫,০০,০০০/- টাকা নিয়ে পিকআপ যোগে আব্দুল্লাপুরস্থ সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ব্যবসায়ী কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস এবং মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।