banglahour

টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসের দুটি ছবিই যেন ইংল্যান্ডের প্রতীকী

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:০২ অপরাহ্ন

ইডেনের ওই রাতে নুয়ে পড়া মুখটা কই লুকাবেন, সেটি খুঁজতে থাকা। কিংবা ছয় বছর পর এমসিজিতে তাঁর গর্জন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসের ওই দুটি ছবিই যেন ইংল্যান্ডের প্রতীকী। ২০১৬ সালের দায়টা ২০২২ সালে এসে মোচন করেছিলেন স্টোকস, তবে সেটির সাক্ষী ঠিক মাঠে থেকে হতে পারেননি তত দিনে অবসরে চলে যাওয়া এউইন মরগান। তা না হোক, জস বাটলারের হাতে শিরোপাটা দেখে একটা চক্রপূরণের তৃপ্তি নিশ্চয়ই পেয়েছিলেন ইংল্যান্ডে সাদা বল-বিপ্লবের অন্যতম পথপ্রদর্শক।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরা স্টোকস এবার নেই। কিন্তু ইংল্যান্ডের প্রাপ্তির হাতছানি আছে অনেক। মেলবোর্নের ফাইনাল জিতে ইংল্যান্ড গড়েছিল ইতিহাস, প্রথম দল হিসেবে সীমিত ওভারের দুটি বিশ্বকাপই হয়েছিল তাদের। গত বছরের শেষ দিকে ৫০ ওভারের শিরোপা ডিফেন্ড করতে গিয়ে উল্টো নিজেদের ব্যর্থতার অতল এক গহ্বরেই আবিষ্কার করেছিল ইংল্যান্ড।

কিন্তু আদিল রশিদ যেমন বলেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন একটা সংস্করণ, আর তাতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ ওয়ানডে বিশ্বকাপের ওই ভরাডুবি নাকি পেছনেই ফেলে এসেছেন তাঁরা। পাকিস্তানের সঙ্গে সিরিজটির আগে অবশ্য দ্বিপক্ষীয় সিরিজগুলোতে দলটির ‘সাম্প্রতিক’ পারফরম্যান্স সুবিধার ছিল না মোটেও। আগের বিশ্বকাপের ফাইনালের পর থেকে ৯ মে—এ সময়ে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ১২টি ম্যাচ খেলে জয় ছিল মাত্র ৪টি। অবশ্য ২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২২ মের মধ্যে এ সংস্করণে কোনো ম্যাচই খেলেনি তারা।

এরপরও দলটিকে ফেবারিট হিসেবে ধরে নেওয়া ছাড়া তেমন কিছু করার নেই। সেটির একটা কারণ অবশ্যই তাদের স্কোয়াড। দীর্ঘ ব্যাটিং লাইনআপ, একগাদা অলরাউন্ডার, পেস, স্পিন—টিক চিহ্ন আছে সব কটিতেই। জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকসকে নিয়ে টপ অর্ডারের পর হ্যারি ব্রুক, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোনদের ভিড়ে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে জনি বেয়ারস্টোরও।

জ্যাকস, মঈন, লিভিংস্টোন, কারেনের পাশাপাশি আবার বোলিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আদিল রশিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার আগেই বিশ্বকাপের দলে ডাক পেয়ে গেছেন বাঁহাতি স্পিনার টম হার্টলি।

ইংল্যান্ডের আছে গতিও, মার্ক উডের সঙ্গে থাকার কথা জফরা আর্চারের। চোটের সঙ্গে দীর্ঘ এক চোট কাটিয়ে ফেরার কথা এই ফাস্ট বোলারের, যাঁর ক্যারিয়ারে একমাত্র বিশ্বকাপ হয়ে আছে ২০১৯ সালের ৫০ ওভারেরটিই। আর্চারের ‘বেস্ট ফ্রেন্ড’ ক্রিস জর্ডানকেও ফিরিয়েছে ইংল্যান্ড।

আর্চার আর জর্ডানের জন্ম যে বার্বাডোজে, ইংল্যান্ডের প্রথম দুটি ম্যাচ সেখানেই। এবারের বিশ্বকাপের ফাইনালের ভেন্যুও সেটিই, যেখানে ২০১০ সালের শিরোপা জিতেছিল তারা। পল কলিংউডের হাতে ১৪ বছর আগে ওঠা শিরোপাটা ইংল্যান্ডের জন্য ছিল মেঘ না চাইতেই জল, ২০২২ সালেরটি সেখানে দীর্ঘ এক পথচলার মধুর সমাপ্তির মতো।

অবশ্য সে পথটা এখনো বাকি, বাটলাররা এমন ভাবতেই পারেন। বাটলাররা এটাও জানেন, যা করার, সেটি করতে হবে ইংল্যান্ডের সর্বশেষ দুটি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্টোকসকে ছাড়াই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল