banglahour

ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষায় উত্তীর্ণদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৩ অপরাহ্ন

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি প্রমাণিত হতে হবে। মনে রাখবেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার একথা বলছেন- তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন। আসলে এখানে কী হয়েছে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে যে, তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন, ততক্ষণ অপেক্ষা করতে হবে।

ফরহাদ বলেন, তিনি (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। তিনি তো একটি দলের হয়ে কাজ করছেন, সরকারের ইমেজ নষ্ট করার জন্য। অনেকদিন আগে সে কাজের কারণে চাকরিচ্যুত হয়েছে। যারা মাঠে সরকার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তিনি স্লোগান দিচ্ছেন। আসলে তিনি কোন এজেন্ডা নিয়ে কথা বলছেন, সেটি একটি বিষয়। তবে তার কথা সত্য না মিথ্যা সেটি সরকারের পক্ষ থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে অনুসন্ধান চলছে।

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস করেছেন, তার ফাঁস করা প্রশ্নে ক্যাডার সার্ভিসে কারা নিয়োগ পেয়েছেন সেটাও তিনি জানিয়েছেন। যারা এভাবে নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না?

এর জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, অবশ্যই। প্রমাণিত হলেই আইনগত ব্যবস্থা নেব। সংস্থাটির চেয়ারম্যান ব্যবস্থা নেবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। তবে প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণ হতে হবে। 

মন্ত্রী বলেন, সরকার বিষয়টি খুবই শক্তভাবে সরকার দেখছে। সিআইডি বিষয়টির ওপর স্পেশাল ফোকাস দিয়েছে। সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে। পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কি না- তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল