
(২ বছর আগে) ১৪ জুলাই ২০২৪, রবিবার, ২:০৮ অপরাহ্ন
বয়স ৩৭ বছর। এর ছাপও পড়তে শুরু করেছে শরীরে। প্রায়ই তাঁকে লড়তে হচ্ছে চোটের সঙ্গে। এবারের কোপা আমেরিকাতে চিলির বিপক্ষে ম্যাচে পাওয়া চোট মেসিকে ভালোই ভুগিয়েছে। শেষ আটের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারের পেনাল্টি মিস করেছেন। সেই প্রসঙ্গ বাদ দিলেও ম্যাচজুড়ে মেসিকে স্বরূপে দেখা গেছে সামান্যই।
এরপর সেমিফাইনালেও মেসি পুরো ম্যাচ খেলেছেন। তবু মেসির চোট নিয়ে আশঙ্কা দূর হয়নি আর্জেন্টাইন সমর্থকদের। ফাইনালের আগে দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে নিজের চোটের অবস্থা জানিয়েছেন মেসি।
মেসি যা বলেছেন, আর্জেন্টাইন ও মেসি–সমর্থকেরা নির্ভার হতেই পারেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে, মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজ দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। যেমনটা করেছিলেন ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপেও।
ফাইনালের আগে ৩১ বছর বয়সী মার্তিনেজের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, ‘পেনাল্টিতে দিবুর বিষয়টা এখন আর ভাগ্য নয়। আপনি জানেন একটি বা দুটি শট ও ঠেকিয়ে দেবে, এটা অনেক বড় সুবিধা।’