
(২ বছর আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১০:১৩ পূর্বাহ্ন
ভোলায় উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আলী আকবর বর্তমানে মিসকেস সহকারী পদে চাকরি করছেন ২০১৬ সাল থেকে। তিনি নামে-বেনামে গড়েছেন বিশাল সম্পত্তি। সম্প্রতি কালো টাকা সাদা করতে বাড়ির পাশে গড়ে তোলেন গরুর খামার। বাবা মুক্তিযোদ্ধা না হলেও নামের সঙ্গে মিল থাকা দৌলতখানের এক বীর মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে কোটায় চাকরি তার। শুধু তিনি নন, অপর দুই ভাই আলী আজগর ও মিজানুর রহমান একই সনদে ভোলা পুলিশ সুপার কার্যালয় থেকে কনস্টেবলের চাকরি নেন। আলী আজগর পিবিআইতে থাকা অবস্থায় গেল বছর কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পান।
দৌলতখানের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তার দুই ছেলে কাজী আন্দালিভ আমিন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি) পরিচালক পদে ও কাজী নওরিন আমিন কানাডায়, দুই মেয়ে কাজী হুমায়রা নির্ঝর অনুপ্রাণ চাইল্ড ইনস্টিটিউটের সিইও পদে এবং ছোট মেয়ে কাজী তাহিত তাজরিয়ান সুপন্তি চাকরি নিয়ে মালয়েশিয়ায় বসবাস করছেন। তারা কেউ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন না। অথচ তার মুক্তিযোদ্ধা সনদ (এমআইএস) ও লালমুক্তি বার্তা ব্যবহার করে ভোলা সদরের ভেলুমিয়া এলাকায় বসবাসকারী প্রতারক রুহুল আমিন কাজীর তিন ছেলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন। একইভাবে রুহুল আমিন মুক্তিযোদ্ধা ভাতা তুলছিলেন। বিষয়টি নজরে আসার পর ২০২১ সালের ২০ নভেম্বর তিনি ভোলা জেলা প্রশাসকের কাছে আবেদন করে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।