banglahour

ঢাবির আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ওপর হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গৌরীপুর পৌরসভার নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আহত ছাত্রের নাম এনামুল হাসান (অনয়)। তিনি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যতরফ (কলাবাগান) মহল্লার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্বে আছেন। সেই সঙ্গে তিনি সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক। এর আগে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

হামলার পর পর গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এনামুল। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার জানান, ওই ছাত্রের ডান হাতের কনুইয়ের নিচে একটি ও পিঠের ওপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনো সেলাই লাগেনি। প্রাথমিক চিকিৎসা পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ হামলার ঘটনায় গতকাল রাত ১১টার দিকে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এনামুলের মা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘তাঁরা মামলা করতে চাননি। কারা হামলা করেছেন, তাঁদেরও চিনতে পারেননি। আমরা জিডি নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি কারা তাঁকে মারল।

সূত্র: প্রথম আলো

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল