banglahour

পরিকল্পনাহীন বক্তব্য বন্ধ করা দরকার - ইনু

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন

জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের বৈঠকে। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার বিষয়ে মত দিয়েছেন শরীক দলের নেতারা। তবে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলে অন্তর্ভূক্ত শরীক দলের নেতাদেও সঙ্গে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে একে একে অধিকাংশ শরীক দলের নেতা কথা বলেন। 

বৈঠকে উপস্থিত শরীক দলের এক নেতা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জরুরী সভা ডাকা হয়। সেখানে জোট নেত্রী শেখ হাসিনা এবং ১৪ দলের শরীকদের কথা বলতে দেওয়া হয়। সূত্র জানায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-এর সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি  (জেপি)-এর সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী সভায় জামায়াত-নিষিদ্ধের দাবি জানান। জোটনেত্রী শেখ হাসিনা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সবাই একমত হন তাহলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেবো। এসময় সবাই শেখ হাসিনাকে এই উদ্যোগ নেওয়ার জন্য বলেন।

জানা গেছে, বৈঠকে সব রাজনৈতিক বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরামর্শ দেন রাশেদ খান মেনন। তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ডিবি অফিসে নেওয়া এবং তাদের খাবার খাওয়ানোর ভিডিও প্রকাশে আদালতের একটি পর্যালোচনা তুলে ধরেন। 

সভায় হাসানুল হক ইনু তার বক্তব্যে বলেন, (ওবায়দুল কাদেরসহ) আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীদের অতিকথন সরকারকে বারবার বেকায়দায় ফেলছে। এসব পরিকল্পনাহীন বক্তব্য বন্ধ করা দরকার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ইনু বলেন, দাবা খেলায় রাজাকে রক্ষার জন্য অনেক মন্ত্রী, সৈনিক, হাতি, ঘোড়াকে বলি দেওয়া হয়। প্রয়োজনে আপনি তাই করুন।

জেপির সভাপতি আনোয়ার মঞ্জু অসুস্থ থাকায় বৈঠকে ছিলেন না। তবে দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলাম সভায় উপস্থিত হন। সভায় শেখ শহীদুল ইসলাম পরিস্থিতি বুঝে ধীরে ধীরে শিক্ষ প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় না খুললেও প্রাথমিক বিদ্যালয় খুলে দিন। না হয় অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একইসঙ্গে তিনি স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করার তাগিদ দেন। 

গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদত হোসেন বলেন, এই ষড়যন্ত্র দীর্ঘ দিনের।এটা একদিনের নয়। তারা সুযোগ খুজতে ছিল। তারা আগে থেকেই প্রস্তুত ছিল। ছাত্রদেও নির্দলীয় একটা দাবি, যা আগেই মেনে নেওয়া হয়েছিল, তারপরও যে তান্ডব হলো, আমাদের এ বিষয়ে আরও সতর্ক থাকা উচিত। তারপরও প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের কারণে এই তান্ডব আর সামনে এগুতে পারেনি।

এর আগে গত ১৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া সৃষ্ট পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ দিনের মাথায় সোমবার আবার জোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল