banglahour

নতুন ভূমিকায় পাকিস্তান ক্রিকেটে ফিরছেন ইউনিস

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ১২:০৯ অপরাহ্ন

নতুন ভূমিকায় পাকিস্তান ক্রিকেটে ফিরছেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো একই ভূমিকায় দেখা যেতে পারে ওয়াকারকে।

লাহোরে গত সোমবার পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকার। যদিও এখনো কিছু বিষয়ের মীমাংসা হয়নি। কিন্তু ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াকার পরামর্শক বা পিসিবি প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে পারেন। ভূমিকা স্থায়ী হলে পদের নাম পরিবর্তন হতে পারে।

ওয়াকারের দায়িত্ব কেমন হতে পারে, তার একটি ধারণা দিয়েছে ক্রিকেট পাকিস্তান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাকভি পিসিবির প্রশাসনিক দিকটা দেখবেন। ওয়াকারের দায়িত্ব হবে ক্রিকেটের বিষয়গুলো দেখা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট, নির্বাচক কমিটি কিংবা কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া না–দেওয়া—এসবই ওয়াকারের কাজের আওতায় থাকবে।

পিসিবির একজন বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নাকভি ক্রিকেট–সংশ্লিষ্ট বিষয়গুলো দেখতে একজন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিতে চান এবং সেটা তিনি করতে চান বাংলাদেশ সিরিজের আগেই।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়েই ব্যস্ত সূচি শুরু হবে পাকিস্তান ক্রিকেটে। বাংলাদেশ সিরিজের পর পাকিস্তান অক্টোবরে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট খেলে ঘরের মাঠে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল