banglahour

ছুটির দিনে আদালত বসিয়ে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৩:১১ অপরাহ্ন

ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষাকে জামিন দেওয়া হয়েছে।

শনিবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হয়। পরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে আরও দুই শিক্ষার্থীর জামিন শুনানি হয়। শুনানি শেষে রাজশাহীর দুই আদালতের বিচারকরা পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর পৃথক জামিন মঞ্জুর করেন।

ওই পাঁচ শিক্ষার্থীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জাহেদী জানান, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন থেকে কোনো আপত্তি করা হয়নি।  

সূত্র মতে, শনিবার সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন শিক্ষার্থী আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫) ও রাকিবুর রহমানের (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত সিএমএম মো. শফিউল আলম তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। 

আদালত সূত্র আরও জানায়, আতিফ আহনাফ অরণ্য ও মোহাম্মদ রাব্বিকে গত ১৮ জুলাই আটক করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় আরএমপির মতিহার থানা পুলিশ। অন্যদিকে রাকিবুর রহমানকে গ্রেফতার করেন আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ। রাকিবুর রহমানের বাড়ি বাগমারায়। অন্য দুই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপর দুই শিক্ষার্থী ইমরান ফারহাত (১৬) ও সৌরভ আলির (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ২০ জুলাই এই দুই শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। পরে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মির্জা ইমাম উদ্দিন জানান, আদালতের জামিননামা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর পাঁচ শিক্ষার্থীকে আইনজীবী ও পরিবারের জিম্মায় দুপুরের পর মুক্তি দেওয়া হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল