
(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ২:১৩ অপরাহ্ন
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়া আন্দোলনকারীদের রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন।
কর্মসূচিতে অংশ নিতে কারফিউ উপেক্ষা করে আজ সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজন। এ সময় তাদের সরিয়ে দিতে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন তারা। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এই কারফিউ চলাকালে ‘বিশেষ ও জরুরি প্রয়োজন’ ছাড়া কেউ বাইরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এ সময় কমিশনার হাবিবুর রহমান কারফিউ চলাকালে কাউকে বাসা থেকে বের হতে নিষেধ করেন। বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত, শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবেই আইন প্রয়োগ করলে হবে, সেভাবেই করা হবে।’