banglahour

নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১০:৪৭ পূর্বাহ্ন

পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি। নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত; তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না।

পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে না আসা পর্যন্ত তাঁদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ। এমতাবস্থায় রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না।

অবশ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। অন্তত চেয়ার–টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন কমিশনার। ডিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঢাকার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) ও ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতামত তুলে ধরেন। তাতে কর্মকর্তারা বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর থানাগুলোর এখন যে অবস্থা, তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে।

সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনেক থানার সবকিছু পুড়ে গেছে। থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই। মামলার নথিবদ্ধ করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদ সামগ্রী, চেয়ার ও টেবিলসহ যা যা ক্ষতি হয়েছে, তার তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির জেরে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ সদর দপ্তরসহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় অনেক থানা ভবনে। অস্ত্র ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে। অনেক পুলিশ সদস্য হতাহত হন। এরপর সারা দেশের থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ফলে পুলিশ লক্ষ্য করে হামলা হয়। শেখ হাসিনার দেশত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুলিশ সদর দপ্তর, ডিএমপি কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তারা আসতে শুরু করেছেন।

নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। গতকাল ২৪ ঘণ্টা শেষ হলেও ঢাকাসহ দেশের অধিকাংশ থানায়ই পুলিশ সদস্যদের দেখা যায়নি। থানাগুলো পাহারার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল