
(৩ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৯ অপরাহ্ন
ঢাকা: সমাজে নিজেদের মান উন্নয়নে সারাদিন ফেসবুক না দেখে নারীদের ফ্রিল্যান্সিং করার আহ্বান জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা। অফিসের পাশাপাশি বাসায় ফিরেও কাজ করতে হয় নারীদের। অনেকটা বিনা পারিশ্রমিকে সংসার চালিয়ে যাচ্ছেন তারা। তাদের সহযোগিতায় পুরুষদেরও বাসাবাড়ির কাজ ভাগ করে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমার ছেলেও বাসাবাড়ির কাজ করে, থালাবাসন নিজের হাতে পরিষ্কার করে।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চ আদালতে বিচারক, সশস্ত্র বাহিনীর অফিসারসহ সব ক্ষেত্রে নারীদের সুযোগ করে দিয়েছি। দেশে জনসংখ্যার অর্ধেকই নারী। নারী-পুরুষ সমানতালে না এগোলে দেশ এগোতে পারে না।
সবাইকে সাশ্রয়ী, সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বিশ্বজুড়েই মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সেজন্য যার যেখানে জমি আছে, উৎপাদন কাজে ব্যবহার করুন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারীকে ‘রোকেয়া পদক’ দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষায় ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে ঝিনাইদহের নাছিমা বেগম।