
(২ বছর আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৮:৪৪ অপরাহ্ন
প্রশ্ন: কোনো ব্যক্তি যদি ছোট থেকে ১৯-২০ বছর পর্যন্ত অনেক মানত করে এবং পরবর্তীতে সে যদি ভুলে যায় সে কোন কাজের জন্য কি মানত করেছে তাহলে সে কি সব মানতের জন্য শুধু তিনটা রোজা রাখবে নাকি আরো অনেক রোজা রাখবে যেহেতু সে জানে না সে কয়টা মান্নত পূর্ণ করেনি।
উত্তর: মানত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি। মানতের প্রতি নয়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন- তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না। (বাইহাকি- ৭৩৭৪)।
মানতের ব্যাপারে নিরুৎসাহিত করা প্রসঙ্গে সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযি.) বর্ণনা করেন- রাসুলুল্লাহ (সা.) একদিন আমাদের মানত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মানত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মানতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদিস নং- ৪৩২৫)
এতদ্বসত্ত্বেও যদি কেউ মানত করে তাহলে তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মানতকৃত ইবাদতটি করা আবশ্যক। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- তারা যেন মানত পূর্ণ করে। (সুরা হজ্জ-২৯)
আল্লাহর নামে আপনি যা মানত করেছিলেন তা আপনার জন্য পুরণ করা আবশ্যক ছিল। কিন্তু যেহেতু আপনি বিষয়টি ভুলে গেছেন তাই তাই যথাসম্ভব স্মরণ করে তা আদায়ের চেষ্টা করুন। কিন্তু যদি কোনো ক্রমেই স্মরণে না আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে এর কাফফারা দিতে হবে না।
কেননা হাদিশ শরীফে আছে, মুহাম্মদ ইবন মুসাফ্ফা হিমসী (র).... ইবন আব্বাস (রা.) সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ আমার উম্মতকে ভুল–বিস্মৃতি ও জোরপূর্বক কৃত কাজের দায়–দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। (সুনান ইবনে মাজাহ্ : হাদিস নং- ২০৪৫)