banglahour

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরাও

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ১০:১২ পূর্বাহ্ন

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলার নিম্নাঞ্চল। নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা। তবে এবারের বন্যায় এক নতুন বাংলাদেশ দেখেছে বিশ্ব। যে যেখান থেকে যেভাবে পারছে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী করছেন সর্বোচ্চটুকু।

এরইমধ্যে প্রবল এই বন্যায় বানভাসিদের মাঝে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসেবা। বিতরণ করছেন জরুরি ওষুধপত্র, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কিছু জায়গায় তৈরি খাবার এবং ত্রাণসামগ্রীও বিতরণ করছেন তারা।

স্বাস্থ্যকর্মী আব্দুর রশিদ বলেন, পানিবন্দি শিশু মহিলা এবং জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা ফলোআপ করছেন তারা।

তিনি বলেন, করোনাকালেও আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলাম। শুধু মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছি। বর্তমানে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আছি সবার পাশে। আমাদের অনেক ক্লিনিক বন্যার পানিতে ডুবে গেছে। আমরা ওষুধপত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি। সেখান থেকে নিয়ে প্রতিদিন আশ্রয়কেন্দ্রগুলোতে ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছি।

এদিকে বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মাসুদুর রহমান বলেন, দেশে বন্যা ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। চলমান পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে বন্যার্ত ভাই-বোনদের পাশে থাকতে আমরা আমাদের এক দিনের বেতন প্রদান করব। আমাদের নিজেদেরও বেতন দীর্ঘদিন বন্ধ। তবুও এই মুহূর্তে আমরা আমাদের ভুক্তভোগী ভাই-বোনদের পাশে দাঁড়াব। 
সবাই যার যেমন সামর্থ্য আছে সেখান থেকে ততটুকুই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল