banglahour

তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত যুবক

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২:০০ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পাশে ‘প্রতিপক্ষের’ গুলিতে মো. সনু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে থাকতেন। তিনি রিকশাচালক ছিলেন। তাঁর বাবার নাম বাবুল হোসেন।

পুলিশ সূত্র বলছে, আজ সকাল আটটার দিকে জেনেভা ক্যাম্পের পাশে তর্কাতর্কির জেরে সনুর ওপর গুলি চালায় প্রতিপক্ষ। এতে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন প্রতিবেশী সাজিদ। তাঁর ভাষ্য, জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেলকে (৩০) আজ সকালে সনু বলেন, ‘তুমি মাদক বিক্রি করছ, এতে এখানকার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে।’ এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সোহেলসহ কয়েকজন সনুর ওপর চড়াও হন। সোহেল সনুর ওপর গুলি চালান। সনুর বুকে গুলি লাগে। এতে তিনি নিহত হন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘অনৈতিক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সনুকে গুলি করে হত্যা করে। এ নিয়ে জেনেভা ক্যাম্প এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল