
(২ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাব্বির (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাউসার আহমেদ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দণ্ডিত সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করে। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে দুই দিন পর ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ধনবাড়ী থানার এসআই সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়াও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছে।