banglahour

জাবিতে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১:০৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। 

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। অপরদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এইসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমি এইসব মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি ও  তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, উপরোক্ত হত্যাকাণ্ডে সবগুলো ঘটনাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস না পায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এই জাতীয় ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। 

এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল