banglahour

কৃষকদের মূল্যায়ন করতে হবে; কৃষি উপদেষ্টা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৮ অপরাহ্ন

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকেরা। কিন্তু তাদের কোনো মূল্যায়ন হয় না। এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর দিলকুশাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন এবং বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

কৃষি উৎপাদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষকেরা ফসল উৎপাদন করে যেন লাভবান হন। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখ্যান সঠিক হতে হবে, তাতে কৃষক উপকৃত হবে।

তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে। এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে। উপদেষ্টা সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এই সময়ে ভালো কাজ উপহার দিতে হবে। দুর্নীতি থেকে সরে না এলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে।

পরে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও বিএডিসি চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল