
(২ বছর আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৩৯ অপরাহ্ন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কদিম হাতিল গ্রাম থেকে ৬৫০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোহেল রানা ওই গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাঙ্গাইল অঞ্চলের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জব্দকৃত ইয়াবাসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়।
পরিদর্শক সিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির সোহেল রানার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, সোহেল রানা একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি কয়েকবার জেলেও গিয়েছেন।