
(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ১২:৫৪ অপরাহ্ন
শুল্ক প্রত্যাহারের পরও দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চিনির দামে প্রভাব পড়ছে না। উলটো চিনির দাম ঊর্ধ্বমুখী। প্রতি মন (৩৭.৩২ কেজি) চিনিতে দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। কেজিপ্রতি চিনির দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এছাড়া বেড়েছে ভোজ্যতেল, মুরগি ও চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে।
অভিযোগ উঠেছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তা। আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এরপরও বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজির দাম এখনও আকাশচুম্বী। তবে কিছুটা কমেছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থিতিশীল রয়েছে। ডলার সংকটে এলসি খুলতে না পারায় চিনি পরিশোধনের কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এ কারণে চিনির দাম বাড়ছে বলে খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক জানিয়েছেন। পাইকারিতে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ টাকা। ৩ দিন আগেও এই চিনি বিক্রি হয়েছে ৪ হাজার ৩০০ টাকায়। অপরদিকে নগরীর খুচরা বাজারগুলোতে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়। কাঁচামাল আমদানি ও এলসি খোলা সম্ভব না হলে চিনির বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে-এসব কারণেও বাড়ছে চিনির দাম।
বুধবার চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নেয় সরকার। অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ হ্রাসের মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১১ দশমিক ১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১৪ দশমিক ২৬ টাকা কমানো হয়।
খাতুনগঞ্জের আড়তদার কামরুল হাসান জানান, পাইকারি বাজারে চিনির চাহিদার মাত্র ১০ থেকে ২০ শতাংশ মেটাচ্ছেন ডিলাররা। সরবরাহ ঘাটতির কারণে এক সপ্তাহ ধরে চিনির দাম বাড়ছে। তার মতে, দেরিতে পণ্য ডেলিভারি দেওয়ায় চিনি পরিবহণের জন্য আসা ট্রাকগুলোকে মিল গেটে ২ থেকে ৪ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর ফলে চিনির দামের সঙ্গে এই বাড়তি পরিবহণ ব্যয়ও যোগ করা হচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।