
(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন
তেল আবিব, ১৫ অক্টোবর ২০২৪: ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার হিজবুল্লাহ ইসরাইলের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায়, এতে চার ইসরাইলি সেনা নিহত এবং ৬০ জন আহত হন। এর পরদিনই ইসরাইলের সেনাঘাঁটি পরিদর্শন শেষে নেতানিয়াহু এ কঠোর বার্তা দেন।
হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার সেনাঘাঁটিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের যেকোনো স্থানে হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাব। আমাদের এই আক্রমণ হবে নির্দয়।’
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের হামলার জবাব দিতে তারা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ প্রস্তুত করেছে। এর আগে, গত সপ্তাহে ইসরাইলের হামলায় বৈরুতের কেন্দ্রস্থলে ২২ জন নিহত হয়। এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।
ইসরাইল গত মাস থেকে লেবাননে বোমা হামলা জোরদার করেছে এবং এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত ইসরাইলি হামলায় দেশটিতে কমপক্ষে ১,৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হিজবুল্লাহর হামলার জবাবে গতকালই ইসরাইল লেবাননে বিমান হামলা চালায়। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান–অধ্যুষিত এলাকায় চালানো এই হামলায় ২১ জন নিহত হন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ইসরাইল–লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।