
(২ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৭:৫৩ অপরাহ্ন
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অবস্থিত গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় একজন মাত্র শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি শতভাগ পাশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যদিও শিক্ষার্থীর সংখ্যা ছিল কাম্য সংখ্যার চেয়ে কম।
জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির নিয়মিত কোনো শিক্ষার্থী অংশ নেয়নি। তবে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে নেছার আহমেদ বাংলা বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। উল্লেখ্য, নেছার আহমেদ ২০২৩ সালের পরীক্ষায় বাংলা বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন এবং এ বছর তিনি পুনরায় পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হন।
প্রতিষ্ঠানটির ইতিহাস ঘেটে দেখা যায়, ২০১৮ সাল থেকে আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০২৩ সালে এ প্রতিষ্ঠান থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৪ জন পাশ করেছিল।
এ বছর একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি পুরোপুরি শূন্য ফলাফলের হাত থেকে রক্ষা পেয়েছে, যা স্থানীয় শিক্ষাবিদদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।