banglahour

শাকসবজি এখনো উচ্চ দরেই বিক্রি হচ্ছে

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:২২ অপরাহ্ন

বাজারে বেশির ভাগ শাকসবজি এখনো উচ্চ দরেই বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বাড়ায় ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে এক ডজন ডিম বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। ডিমের পাশাপাশি কমেছে কাঁচা মরিচের দামও।

বিক্রেতারা জানান, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ এখনো কম। গত কয়েক মাসে দেশে বন্যা-বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে সবজির দাম শিগগিরই কমছে না। অন্যদিকে বড় উৎপাদক কোম্পানিগুলো সরাসরি আড়তে ডিম সরবরাহ শুরু করেছে। এতে গতকাল থেকে ডিমের দাম কমতে শুরু করেছে।

গতকাল রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে 

এখনো চড়া সবজির দাম

আগের সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনো বেশির ভাগ শাকসবজির দাম চড়া। গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম কেজিতে ২০-৪০ টাকা বেড়ে গতকাল ১২০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া গতকাল প্রতি কেজি ঢ্যাঁড়স, পটোল, ধুন্দুল, চিচিঙ্গা ও ঝিঙে ৮০-১০০ টাকায়; কাঁকরোল ১০০-১২০ টাকায়; করলা ও বরবটি ১২০-১৪০ টাকায়; মিষ্টিকুমড়া ও দেশি শসা ৭০-৮০ টাকায় এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হয়েছে। অবশ্য কারওয়ান বাজারের মতো বড় বাজারে আরও কিছুটা কমে এসব সবজি কেনা গেছে।

সবজির পাশাপাশি বিভিন্ন প্রকার শাকের দামও বেশি। যেমন গতকাল লালশাকের আঁটি ২০-৩০ টাকা, পুঁইশাক ৪০-৫০ টাকা ও লাউশাক ৩০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে। এর বাইরে মাঝারি মানের চালে ৩-৪ টাকা ও শুকনা আদা কেজিতে ৪০ টাকার মতো দাম বেড়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল