
(২ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:১১ অপরাহ্ন
ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। টেস্টে সর্বশেষ ১৮ ইনিংসেও ফিফটির দেখা পাননি তিনি। এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে বাবরের জায়গা নিয়েও রয়েছে প্রশ্ন। এই অবস্থায় তাকে ঘরোয়া ক্রিকেটে ফিরে রানে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র শেবাগ।
পাকিস্তানের এক সময়কার রান মেশিন ও বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটারের জন্য শেবাগের এই পরামর্শ নিঃসন্দেহে বিব্রতকর। সম্প্রতি শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বাবরকে নিয়ে নিজের মতামত তুলে ধরেন শেবাগ। তিনি বলেন, ‘বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। ফিটনেসের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো উচিত। এরপর শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা উচিত।’
বাবরের সমস্যাগুলোর বিষয়ে শেবাগ আরও বলেন, বাবরের সমস্যা কৌশলগত নয়, বরং মনস্তাত্ত্বিক। শেবাগের মতে, ‘বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়া এবং অধিনায়কত্ব থেকে পদত্যাগের পর, তিনি মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছেন। তাকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। বাবর প্রতিভাবান একজন খেলোয়াড়, এবং তার মতো খেলোয়াড়রা দ্রুত ফিরে আসার ক্ষমতা রাখে।’