
(২ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:১৩ অপরাহ্ন
পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, পিসিবি বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে যে, ভারতীয় দল যাতে ম্যাচের দিন পাকিস্তানে এসে খেলতে পারে এবং পরবর্তীতে ওইদিনই দেশে ফিরতে পারে।
তবে পিসিবির পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে একটি সূত্র। দৈনিক জাগরণের খবরে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, তারা পিসিবির কাছ থেকে এমন কোনো প্রস্তাব পায়নি। আর যদি পেতেও, তারা তা নাকচ করে দেবে।
এছাড়া, পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পিসিবি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতকে নতুন প্রস্তাব দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে, প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
পিসিবির প্রস্তাব অনুযায়ী, ভারত টুর্নামেন্টের সময় ক্যাম্প করবে দিল্লি, চণ্ডীগড় অথবা মোহালিতে। ম্যাচের দিন সেখান থেকে ভারতীয় দলকে ভাড়া করা বিশেষ বিমানে পাকিস্তানে নিয়ে যাওয়া এবং ফেরত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।
তবে বিসিসিআই এই তথ্যকে ভুল বলে উল্লেখ করেছে এবং এমন প্রস্তাব আসলেও তাতে তারা সম্মত হবে না বলেও জানিয়েছে। এতে করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেয়েছে।