
(২ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:০৬ অপরাহ্ন
মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন লিটনের প্রথম জানাজার নামাজ শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা শহিদ উল্লাহ শহিদ, সহসাধারণ সম্পাদক এসএম নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক বশির আলমসহ বিভিন্ন স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অভিজ্ঞ রাজনীতিবিদ আবদুল্লাহ আল মামুন লিটন শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালালামপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৫২ বছর। তার মৃত্যুতে মালয়েশিয়ার প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজার শেষে লিটনের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রোববার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আব্দুল্লাহ আল মামুন লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।