
(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৩২ অপরাহ্ন
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন।
ভিডিওতে তিনি বলেন, "মিথ্যাচারের জন্য এখনই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত।"
আখতার হোসেন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি মহামান্যের চেয়ারে বসে মহা জঘন্য মিথ্যাচার করেছেন। তিনি উল্লেখ করেন, "যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন শুনেছিলাম তিনি নাকি পদত্যাগপত্র দিয়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন এসে দালিলিক কোনো প্রমাণ নেই, এমন কথা বলছেন চুপ্পু সাহেব।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ এমন কোনো মিথ্যাচার ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আর দেখতে চায় না।"
আখতার হোসেন অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলে বলেন, "চুপ্পুকে অবিলম্বে তার জায়গা থেকে পদত্যাগ করতে হবে। যদি তিনি এটি না করেন, তাহলে বাংলাদেশে প্রয়োজন হলে লংমার্চ টু বঙ্গভবন কর্মসূচি ঘোষণা করা হবে।"