
(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৩৩ অপরাহ্ন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ১২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
নিষেধাজ্ঞার বিষয়ে জানা গেছে, এই ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দুদক দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এবং শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ তার তিন আত্মীয়—শাহাবুদ্দিন আহমেদ, শামিমা সুলতানা হৃদয় ও এ এম ইয়াছিন।
এছাড়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খান, নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানা।
এদিকে, পূর্বে দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে। তাদের মধ্যে রয়েছেন স্ত্রী লায়লা কানিজ, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সন্তান আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব।