
(১ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:১২ অপরাহ্ন
আওয়ামী লীগ, অঙ্গসংগঠনগুলো, ১৪ দল এবং জাতীয় পার্টিকে 'ফ্যাসিবাদী দল' আখ্যা দিয়ে সাংবিধানিকভাবে এসব দল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নতুন ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ। পাশাপাশি তারা বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ এবং ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ১৩০ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সংগঠনটির সদস্যসচিব ফজলুর রহমান।
আবদুল ওয়াহেদ বলেন, "জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের লড়াই ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থা বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। ওই আন্দোলনের নেতা ছিলেন নির্যাতিত ছাত্র খোমেনী ইহসান। তিনি চব্বিশের কোটাবিরোধী আন্দোলনের সময়ও জনগণতান্ত্রিক রাষ্ট্র পরিগঠনের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল।"
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আরও জানান, "বর্তমান প্রেক্ষাপটে আমরা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের সমন্বয়ে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছি, যার উদ্দেশ্য জনগণতান্ত্রিক বাংলাদেশ পরিগঠন।"
সংবাদ সম্মেলনে তারা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তারা বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতির উদ্দেশে পদত্যাগের ঘোষণা দেবেন এবং ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। নতুন সংবিধান প্রণয়ন ও রাজনৈতিক পরিসর ফ্যাসিবাদী দলমুক্ত করার মাধ্যমে জাতীয় সমঝোতা গড়ে তোলার দাবি করেন তারা।
তারা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং নতুন সংবিধানের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যার পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।