
(২ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:২৬ অপরাহ্ন
নোয়াখালী, ২৭ অক্টোবর – নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী এক নারীকে পিটিয়ে আহত করেছেন। যদিও ঘটনাটি আট মাস আগের, তবে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।
ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার স্ত্রীকে আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী নির্যাতন করেছেন। ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে জড়ো হওয়া মানুষের সামনে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ছেলের অপরাধে তার সম্পৃক্ততার কথা বলা হয়। একপর্যায়ে ইউপি সদস্য আইয়ুব আলী লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করেন। উপস্থিত অনেকে বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি।
আইয়ুব আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সমাজ রক্ষার স্বার্থে তিনি ওই ছেলের মাকে শাসন করেছেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, সাত-আট মাস আগে গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় ওই নারীর ছেলেকে সন্দেহ করা হয় এবং এর প্রেক্ষিতেই এই নির্যাতনের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নির্যাতনের শিকার নারী থানায় এসে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ইউপি সদস্য আইয়ুব আলীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।