
(২ বছর আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ২:২৭ অপরাহ্ন
শুক্রবার (২ নভেম্বর) সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি সমস্যাগুলো লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সংবর্ধনা শেষে আসিফ মাহমুদ জানান, নারী ফুটবলাররা প্রধান উপদেষ্টাকে সাইন করা জার্সি এবং ফুটবল উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, তারা আবাসন সমস্যা, অনুশীলন এবং বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। দুই-তিন দিনের মধ্যে ফুটবলাররা তাদের সমস্যাগুলো লিখিতভাবে জমা দেবেন।
আসিফ মাহমুদ বলেন, “নারী ফুটবলাররা দাবি করেছেন যে, বছরের বাকি সময় ক্যাম্প চালু থাকলে তারা আরও সাফল্য অর্জন করতে পারবেন।” তিনি বাফুফের নতুন কমিটির সঙ্গে যৌথভাবে সমস্যা সমাধানের কথা জানান এবং এ বিষয়ে বাফুফের সভাপতি দেশে না থাকায় তার অনুপস্থিতির কারণে কিভাবে সমস্যা সমাধান হবে সে বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান, ফুটবলারদের বাকি দুই মাসের বেতন পাওনা রয়েছে এবং বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, যার বিষয়ে নতুন কমিটিকে অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেন।