banglahour

সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:২০ অপরাহ্ন

ঢাকা, ৭ নভেম্বর ২০২৪: বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। জানা যায়, আইনটি বাতিল হলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম কিছুদিন আগে জানান, এই সপ্তাহেই আইনটি বাতিল হতে পারে। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়, যা পরবর্তীতে সমালোচনার মুখে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন হিসেবে পরিবর্তিত হয়। তবে এ আইন নিয়ে বিতর্ক অব্যাহত থাকায় বর্তমান সরকার এটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যে সরকার সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় যারা গ্রেফতার রয়েছেন, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫,৮১৮টি মামলা চলমান, যার মধ্যে ১,৩৪০টি স্পিচ অফেন্স-সম্পর্কিত। আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল