banglahour

আদালতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো: দাবি ঢাকার পাবলিক প্রসিকিউটরের

জাতীয় | বাংলা আওয়ার ডেস্ক

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:১১ অপরাহ্ন

ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী দাবি করেছেন যে, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনাটি পরিকল্পিত এবং সাজানো। শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর আদালতের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফারুক ফারুকী বলেন, "আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা ব্যক্তিকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি। আসলে আদালতে আমির হোসেন আমুর পক্ষে একাধিক ওকালতনামা দাখিলের বিষয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, এবং একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়।"

তিনি আরও বলেন, যে ব্যক্তি আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি প্রকৃতপক্ষে আমুর আইনজীবী নন বলে আমুর আইনজীবীরা নিশ্চিত করেছেন। দেশবাসীকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন রেজার আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এর পর আসামিপক্ষের শুনানি চলাকালে আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী প্রসিকিউটরের বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় আদালতে উপস্থিত কিছু আইনজীবী তাকে মারধর করতে শুরু করেন, যার ফলে তিনি আদালতের দরজার সামনে পড়ে যান এবং এক পর্যায়ে তাকে লাথি মারা হয়। পরে কয়েকজন আইনজীবী তাকে উদ্ধার করে আদালত থেকে বের করে দেন। সাংবাদিকদের সামনে এই ঘটনার বিচার দাবি করেন স্বপন রায় চৌধুরী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল