
(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন
চাঁদপুর: ঘুষের টাকা গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার দুপুরে এসআই মাহফুজকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। সম্প্রতি হাজীগঞ্জে একটি দোকানে সাদা পোশাকে বসে মাহফুজের ঘুষের টাকা গণনার দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার সামনে টাকা দিতে গিয়ে তাকে মৃদু হাসির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, এসআই মাহফুজ স্থানীয় একটি দোকানে বসে ঘুষের টাকা গুনছেন এবং নানা কথাবার্তা বলছেন। একপর্যায়ে তিনি বলেন, “টাকা গুনে নেওয়া সুন্নত,” এবং টাকা গুনে নেন। এই ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার বলেন, “ভিডিও ফুটেজ দেখে এসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এদিকে এসআই মাহফুজ ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এ ঘটনাকে “ষড়যন্ত্র” হিসেবে দাবি করেন। তবে ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন।