
(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৩:২৮ অপরাহ্ন
বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ করছেন না চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে বসে নেই তিনি। সিনেমার পাশাপাশি কর্পোরেট দুনিয়ায় সিয়ামের ব্যস্ততা বেড়েছে। সম্প্রতি তিনি বেশ কিছু নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।
নতুন প্রতিষ্ঠানেও যুক্ত হচ্ছেন সিয়াম। সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হওয়ার পর স্টেইনলেস স্টিল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছেন। এ বিষয়ে সিয়াম বলেন, "নতুন এ পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানটির কাজের ধরন আমার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ।"
এদিকে সিয়ামের অভিনীত ‘জংলি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা থাকলেও সিনেমাটি পিছিয়ে যায়। কবে এটি মুক্তি পাবে সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সিয়ামকে নিয়ে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি নতুন সিনেমায় কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।