banglahour

অন্তবর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি'র

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৮:৩৬ অপরাহ্ন

ঢাকা: দেশের জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।  

শুক্রবার বাদ জুমা রাজধানীর রূপনগর ৭নং ওয়ার্ডের একটি স্কুলে দুস্থ ও অসহায় মানুষদের জন্য আয়োজিত মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।  

আমিনুল হক বলেন, "গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুন। সেই নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।"  

সরকারের সমালোচনা করে তিনি বলেন, "গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। তারা উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী, যারা বাজার নিয়ন্ত্রণ করে রেখেছে।"  

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "দ্রুত সময়ের মধ্যে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন। জনগণের কষ্ট লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ নিন।"  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।  

অনুষ্ঠানে বক্তারা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল