banglahour

জাতীয় ঐকমত্য ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না: মাহমুদুর রহমান মান্না

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য ছাড়া সরকার কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।  

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মান্না।  

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠাসহ সরকার গত তিন মাসে কিছুই করতে পারেনি। তাদের সংস্কার কমিটিও কোনো আলোচনা করেনি। ভোট করতে চাইলে একটি জনবান্ধব পুলিশ প্রশাসন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নির্বাচনে সহযোগিতাকারী ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে।”  

মান্না আরও বলেন, “আমরা এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, যার মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক, এবং কল্যাণমূলক সরকার গঠন করা সম্ভব হবে। আন্দোলনের প্রথম ধাপ অতিক্রান্ত হয়েছে। মৌলিক অধিকার প্রতিষ্ঠার পরই ভোট সম্ভব।”  

তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে সরকার। দশটি কমিশন করেও গত তিন মাসে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সবকিছু এলোমেলোভাবে চলছে।”  

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতারা।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল